- ২১ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে স্থগিত থাকা কেন্দ্রীয় মজলিশে শুরার বৈঠক শেষে নতুন মেয়াদের জন্য শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।
দলের আমির শফিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৬-২০২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় দায়িত্বশীলদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্যরা (পুরুষ ও নারী) সরাসরি ও ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন। সভা শেষে নবনির্বাচিত নেতাদের শপথ পড়ান দলের আমির।
সভায় চারজনকে নায়েবে আমির হিসেবে মনোনীত করা হয়েছে—এ টি এম আজহারুল ইসলাম, মুজিবুর রহমান, আ ন ম শামসুল ইসলাম ও সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া গোলাম পরওয়ার। এছাড়া সাতজনকে সহকারী সেক্রেটারি জেনারেল করা হয়েছে।
দলীয় সূত্রে জানানো হয়, একই সঙ্গে ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে। নতুন নির্বাহী পরিষদে শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ নেতারা স্থান পেয়েছেন।
অভ্যন্তরীণ নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন এ টি এম মাছুম। কমিশনের অন্য সদস্যরা হলেন মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, আ ফ ম আবদুস সাত্তার ও মোবারক হোসাইন।
এছাড়া সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সারা দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে পৃথক অঞ্চল পরিচালক মনোনীত করা হয়েছে। বিভিন্ন অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দায়িত্বশীল এক সূত্র জানায়, এবারের কেন্দ্রীয় মজলিশে শুরায় মোট ৩৮৫ জন সদস্য রয়েছেন, যার মধ্যে ১১৯ জন নারী সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। নতুন নেতৃত্বের মাধ্যমে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও বিস্তৃত করার আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।