Saturday, February 21, 2026

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ মাটি কাটায় ৩ টি ভেকু জব্দ


ছবিঃ কুমিল্লায় গভীর রাতে প্রশাসনের অভিযান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় গভীর রাতে পরিচালিত অভিযানে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিনটি এক্সক্যাভেটর (ভেকু) জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাটি ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে সরে পড়েন। তবে ঘটনাস্থল থেকে তিনটি এক্সক্যাভেটর জব্দ করা হয়। এর মধ্যে দুটি যন্ত্রাংশ খুলে অকেজো করা হয়েছে এবং একটি জব্দ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার জানান, কৃষিজমির মাটি কেটে পরিবেশ ও কৃষি উৎপাদনের ক্ষতি করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত যন্ত্রপাতির বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র রাতের অন্ধকারে ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছিল। প্রশাসনের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন