- ২১ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ার পর ‘হ্যাঁ’ ভোটের ফল স্বাভাবিক নিয়মেই কার্যকর হবে। এ জন্য আলাদা করে কোনো শপথের প্রয়োজন নেই। তাঁর ভাষায়, “সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে—এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এটাই জুলাই সনদের বিষয়।”
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, যেখানে ‘না’ ভোট পড়েছে, সেখানে সেই ফলাফলের ভিত্তিতেই সংসদে বিষয়টি উত্থাপন ও আলোচনা হবে। নোট অব ডিসেন্ট থাকলে তা-ও নির্ধারিত প্রক্রিয়ায় বিবেচিত হবে। এ বিষয়ে আইনজ্ঞরা ইতোমধ্যে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
‘মব কালচার’ প্রসঙ্গে এ্যানি বলেন, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি দেশের অগ্রগতির জন্য সহায়ক নয়। “মব মানে অস্থিতিশীলতা। এ ধরনের সংস্কৃতি থেকে সরে এসে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে,”—যোগ করেন তিনি। তাঁর মতে, সরকার ও দেশকে এগিয়ে নিতে হলে সহযোগিতামূলক মনোভাব প্রয়োজন।
তিনি আরও বলেন, মতভেদ থাকতেই পারে, তবে প্রতিটি ইস্যুতে বিরোধিতার অবস্থানে না থেকে দেশের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করাই শ্রেয়। কেউ যদি এর বাইরে গিয়ে ভিন্ন পথে হাঁটেন, তার দায়ভার সংশ্লিষ্টদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।