Saturday, February 21, 2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলে ভাষা শহীদদের প্রতি প্রতিমন্ত্রী টুকুর শ্রদ্ধা


ছবিঃ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে তিনি শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন। একুশের প্রথম প্রহর শুরু হলে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের আবেগঘন সুরের মধ্য দিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার শামসুল আলম সরকারও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

অমর একুশে উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে। বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল প্রেসক্লাব, জেলা সিভিল সার্জন কার্যালয়, উপজেলা প্রশাসন ও পৌরসভাসহ বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করে।

এদিকে দিবসটি ঘিরে টাঙ্গাইলে ছিল ভিন্নমাত্রার আয়োজন। সন্ধ্যা থেকে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ত্রিবেণীর উদ্যোগে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। পাশাপাশি শহীদ মিনার প্রাঙ্গণে আলপনা অঙ্কনের মাধ্যমে একুশের চেতনা তুলে ধরা হয়।

শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলবাসী যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন