Saturday, September 26, 2026

জ্বালানির দাম বাড়লেও বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী


ফাইল ছবিঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জ্বালানি তেলের দাম বাড়ার পর এর সুযোগ নিয়ে বাজারে কোনো পণ্যের দাম যাতে অযৌক্তিকভাবে বেড়ে না যায়, সে বিষয়ে সরকার নজর রাখছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের একটি কনভেনশন হলে ব্যবসায়ী সমিতির অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে পরিবর্তন এসেছে। এর প্রভাব বিবেচনায় নিয়েই সরকার জ্বালানির দাম সমন্বয় করেছে। তবে এ কারণে দেশের পণ্যবাজারে যাতে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি না ঘটে, সে জন্য সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন খন্দকার আব্দুল মুক্তাদির। ব্যবসায়ীদের সুবিধার জন্য ট্রেড লাইসেন্স প্রক্রিয়া সহজ করা এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপের কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসারে উন্নত যোগাযোগব্যবস্থা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। তাঁর প্রত্যাশা, ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সিলেট-ঢাকা ছয় লেন সড়ক পুরোপুরি চলাচলের উপযোগী হবে।

এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেছিলেন, আন্তর্জাতিক বাজারের দামের পরিবর্তনের প্রভাব বাংলাদেশেও এসেছে। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, মূল্যবৃদ্ধির কারণে পণ্যের সরবরাহব্যবস্থা যাতে বাধাগ্রস্ত না হয় এবং মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ তৈরি না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে।

শনিবারের অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন