Saturday, September 26, 2026

এশিয়ান গেমসে জাপানে বৃষ্টির বাধা, বাতিল বাংলাদেশের সকালের অনুশীলন


ছবিঃ জাপানে ফুরফুরে মেজাজে টাইগার ক্রিকেটাররা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

এশিয়ান গেমসে অংশ নিতে জাপানে পৌঁছেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। তবে জাপানে পা রাখার পরই আবহাওয়ার বিরূপ পরিস্থিতির মুখে পড়েছে টাইগাররা। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে হোটেলেই সময় কাটাতে হয়েছে ক্রিকেটারদের। বৃষ্টির কারণে রোববার সকালের নির্ধারিত অনুশীলন সেশনও অনুষ্ঠিত হচ্ছে না।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, রোববার সকালে অনুশীলনের সূচি থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে মাঠে নামার অনুমতি পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘কাল সকালে প্র্যাকটিসের সূচি ছিল। কিন্তু গেমস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির জন্য আগামীকাল সকালে মাঠে অনুশীলন করা যাবে না। দিনের কোন সময় করা যাবে, সেটা তারা আজ রাতে জানাবে।’

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে জাপানে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। এরপর শনিবার পুরো দিন বিশ্রামেই কাটে ক্রিকেটারদের। এশিয়ান গেমস কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় হোটেলে দলের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ক্রিকেট দলের আবাসন নিয়ে কোনো ধরনের জটিলতা না হলেও আর্চারি দলের আবাসন নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল বলে জানা গেছে।

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম গুরুত্বপূর্ণ ম্যাচ ২৯ সেপ্টেম্বর। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ওই ম্যাচে জয় পেলেই সেমিফাইনালের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।

তবে ম্যাচের আগে বৃষ্টির কারণে অনুশীলন সূচিতে পরিবর্তন আসায় প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটেছে। দিনের কোন সময়ে অনুশীলনের সুযোগ মিলবে, সে বিষয়ে গেমস কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ দল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন