Saturday, September 26, 2026

গাড়ি চালানোর সময় আইন ভঙ্গ, ইকার্দির লাইসেন্সে প্রতীকী নিষেধাজ্ঞা ২০৯৯ সাল পর্যন্ত


ছবিঃ আর্জেন্টিনার তারকা ফুটবলার মাউরো ইকার্দি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও নতুন কোনো ক্লাবে যোগ দিতে পারেননি আর্জেন্টিনার তারকা ফুটবলার মাউরো ইকার্দি। এর মধ্যেই ব্যক্তিগত জীবনের একটি ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রেমিকার প্রকাশ করা একটি ভিডিওর সূত্র ধরে একাধিক ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে তার ড্রাইভিং লাইসেন্সের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইকার্দির বর্তমান প্রেমিকা লা চিনা সুয়ারেজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। ভিডিওটিতে এমন কিছু দৃশ্য ধরা পড়ে, যা ইকার্দির অজান্তেই বেশ কয়েকটি সড়ক আইন লঙ্ঘনের বিষয় সামনে নিয়ে আসে।

ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে সুয়ারেজ সিটবেল্ট ব্যবহার না করে জানালা দিয়ে শরীরের বড় একটি অংশ বাইরে বের করে রেখেছেন। ওই সময় গাড়িটির চালকের আসনে ছিলেন ইকার্দি। পরে কর্তৃপক্ষ জানতে পারে, তখন তার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল।

বিষয়টি নজরে আসার পর বুয়েন্স আয়ার্সের পরিবহন মন্ত্রণালয় ইকার্দির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আর্জেন্টিনার ‘প্রাদেশিক আইন ১৩৯২৭’-এর আওতায় তার গাড়ি চালানোর ওপর একটি সতর্কতামূলক ও সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার মেয়াদ নথিপত্রে প্রতীকীভাবে ২০৯৯ সালের ১ জানুয়ারি পর্যন্ত দেখানো হয়েছে। ফলে বাইরে থেকে বিষয়টি ৭৩ বছরের নিষেধাজ্ঞা বলে মনে হলেও বাস্তবে ইকার্দিকে এত দীর্ঘ সময় গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে এমনটা নয়। আইনি প্রক্রিয়ায় সাময়িক নিষেধাজ্ঞার শেষ তারিখ হিসেবে ২০৯৯ সালকে প্রতীকীভাবে উল্লেখ করা হয়েছে।

বুয়েন্স আয়ার্সের সংশ্লিষ্ট সরকারি সংস্থার ভাষ্য অনুযায়ী, এ ধরনের সড়ক আইন লঙ্ঘনের ঘটনায় ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করা বাধ্যতামূলক। লাইসেন্স পুনরায় পেতে হলে ইকার্দিকে নির্ধারিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে।

অর্থাৎ, পরীক্ষার মাধ্যমে গাড়ি চালানোর ক্ষেত্রে নিজের সক্ষমতা প্রমাণ করতে পারলেই নতুন করে লাইসেন্স পাওয়ার সুযোগ থাকবে আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের। সড়ক নিরাপত্তার নিয়ম ভঙ্গের ক্ষেত্রে বিশেষ কোনো ছাড় দেওয়া হবে না বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান জানা গেছে।

এদিকে গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ইকার্দির পরবর্তী ক্লাব নিয়েও এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। মাঠের বাইরের এই ঘটনাটি তাই তার ক্যারিয়ারের সাম্প্রতিক সময়ের আরেকটি আলোচিত বিষয় হয়ে উঠেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন