- ২৬ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই পুলিশকে নিজেদের পরিবর্তনের প্রমাণ দিতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার ও অপব্যবহারের ঘটনা ঘটেছে। অনেক পুলিশ সদস্যকে অবৈধ নির্দেশ বাস্তবায়নে বাধ্য করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। তবে বর্তমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের সামনে নিজেদের সংশোধন করে আইন ও পেশাগত দায়িত্বের ভিত্তিতে নতুনভাবে কাজ করার সুযোগ রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে এবং আইন অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গোয়েন্দা সক্ষমতা আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি। যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের বিষয়ে তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। একই সঙ্গে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ বা অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, পুলিশের ক্ষেত্রে পুরস্কার ও শাস্তির নীতি কার্যকর থাকবে। কোনো সদস্য দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা অপরাধে জড়ালে শুধু বিভাগীয় ব্যবস্থা নেওয়ার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ রাখা হবে না। অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা ও বিচারিক প্রক্রিয়াও চলবে।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ এমন একটি পুলিশ বাহিনী দেখতে চায়, যারা জনগণের পাশে থাকবে এবং তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। কোনো কর্মকর্তা এমন আচরণ করবেন না, যা সাধারণ মানুষের কাছে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক বলে মনে হতে পারে।
একইভাবে অধস্তন কোনো সদস্যের এমন কর্মকাণ্ডকে অনুমোদন বা প্রশ্রয় না দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। তার মতে, পুলিশের কোনো সদস্যের আচরণ বা কর্মকাণ্ডের কারণে যেন সমাজে অস্থিরতা কিংবা মানুষের মধ্যে অস্বস্তি তৈরি না হয়, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।
পুলিশের পেশাগত মানোন্নয়ন ও দায়িত্বশীলতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের আস্থা অর্জনকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।