- ২৬ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। সিলেট
দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা এবং ‘একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিকে’ প্রতিহত করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সমাবেশে মোনায়েম মুন্না অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী ও ‘গুপ্তচর’ হিসেবে অভিহিত ব্যক্তিরা পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের নাশকতা চালিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। একই সঙ্গে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
এসব কর্মকাণ্ড মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সিলেটের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান যুবদল সভাপতি। তিনি বলেন, রাজনৈতিক ও সাংগঠনিকভাবে এসব তৎপরতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
বক্তব্যে শেখ হাসিনার সরকারের আমলে সংঘটিত বিভিন্ন সহিংসতার বিচার দাবি করেন মোনায়েম মুন্না। ২০২৪ সালের ঘটনাগুলো এবং সিলেটের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীসহ রাজনৈতিক নেতাকর্মীদের গুম ও হত্যার অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি শেখ হাসিনার বিচার দাবি করেন।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মোর্শেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ এবং জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফছর খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানসহ সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে মোনায়েম মুন্নার নেতৃত্বে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।