- ২১ এপ্রিল, ২০২৬
PNN। নিউজ ডেস্ক ঢাকা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, আদালতকে ব্যবহার করে সরকারি দল জুলাই সনদ ও গণভোটকে অবৈধ ঘোষণার চেষ্টা করছে। তিনি বলেন, অতীত সরকারের পথ অনুসরণ করলে এর দায়ভার বিএনপিকেই নিতে হবে।
বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উলামা বিভাগের উদ্যোগে আয়োজিত আলেম-উলামা ও ইমাম–খতিবদের সম্মানে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, দেশের তরুণ সমাজ বর্তমানে সচেতন ও সজাগ রয়েছে। তাই জুলাইয়ের অর্জন নষ্ট করার কোনো ষড়যন্ত্র সফল হবে না। তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে ফলাফল কারচুপির নানা তথ্য ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।
তিনি আরও বলেন, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্য থেকে বোঝা যায় যে দেশি ও বিদেশি কিছু শক্তি নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে ভূমিকা রেখেছে। এই প্রক্রিয়ায় কারা কারা জড়িত ছিল তা জাতির সামনে পরিষ্কারভাবে তুলে ধরা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, দেশ ও জাতির নেতৃত্বে আলেম সমাজের সক্রিয় ভূমিকা থাকা জরুরি। তিনি আলেম-উলামাদের সমাজ ও রাষ্ট্র পরিচালনায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।