- ০৬ মার্চ, ২০২৬
PNN। নিউজ ডেস্ক ঢাকা
জামালপুর শহরে স্ত্রীকে হত্যার পর আগুন দিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে মো. তাইফুর রহমান (৪০) নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে শহরের দড়িপাড়া এলাকার মণ্ডলপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে।
নিহত তাহমিনা আক্তার তানিয়া (৩৬) শহরের মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে। অভিযুক্ত তাইফুর রহমান দড়িপাড়া মণ্ডলপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে তাইফুর রহমানের বাসা থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন সন্দেহজনক পরিস্থিতি বুঝতে পারেন। পরে তারা বাড়ির কাচের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করলে খাটের ওপর তানিয়ার পোড়া মরদেহ দেখতে পান। এ সময় খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
ঘটনার সময় উত্তেজিত স্থানীয়রা অভিযুক্ত তাইফুর রহমানকে আটক করে মারধর করেন এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।
নিহত তানিয়ার মামা মনোয়ার হোসেন কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তানিয়া বাবার বাড়ি থেকে স্বামীর বাসায় ফেরেন। পরে গভীর রাতে খবর পান যে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।