- ০৬ মার্চ, ২০২৬
PNN। নিউজ ডেস্ক ঢাকা
গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় একটি মালবাহী ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত প্রায় ৯টার দিকে পূবাইল রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের নয়ানীপাড়া মৃধা বাড়ি এলাকার আশরাফ হোসেনের ছেলে সজীব হোসেন (৪০) এবং একই এলাকার সাতানীপাড়ার বড্ড সরকারের ছেলে হাবিবুর রহমান বাপ্পি সরকার (৩৫)।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সজীব ও বাপ্পি একটি মোটরসাইকেলে করে রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেন সেখানে পৌঁছে যায়। এ সময় ট্রেনটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে করমতলা খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পূবাইল রেলস্টেশনের স্টেশন মাস্টার মুসা জানান, নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
ঘটনার পর রেলগেটের গেটকিপার মনির সাময়িকভাবে ঘটনাস্থল ছেড়ে যান। পরে তিনি জানান, ট্রেন আসার আগে গেট নামানো হয়েছিল এবং বাঁশি বাজিয়ে সতর্ক করা হয়। কিন্তু মোটরসাইকেল আরোহীরা গেটের পাশ দিয়ে পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।