- ০৬ মার্চ, ২০২৬
PNN। নিউজ ডেস্ক বরিশাল
বরিশালের গৌরনদী উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকা–বরিশাল মহাসড়কের কসবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা ‘টেকেরহাট পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ দুইজনের মৃত্যু হয়। এতে আরও তিনজন যাত্রী গুরুতর আহত হন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত বাস ও মাইক্রোবাস দুটিই জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
ওসি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।