Friday, July 10, 2026

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা মুছে ফেলতে চাইলে প্রতিরোধ গড়ে তোলা হবে: হামিদুর রহমান আযাদ


ছবিঃ এবি পার্টি আয়োজিত ‘আত্মোপলব্ধি ও আত্মপর্যালোচনায় অভীষ্ট লক্ষ্য অর্জনের দীপ্ত শপথ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন হামিদুর রহমান আযাদ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শ ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, জুলাইয়ের চেতনা ও অর্জনকে মুছে ফেলার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: আত্মোপলব্ধি ও আত্মপর্যালোচনায় অভীষ্ট লক্ষ্য অর্জনের দীপ্ত শপথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

হামিদুর রহমান আযাদ বলেন, দীর্ঘ আলোচনার পর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে, তা দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ও সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে এই সনদের বাস্তবায়ন নিয়ে এখনো টানাপোড়েন চলছে, যা জনআকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি দাবি করেন, জনগণের বড় একটি অংশ রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে মত দিয়েছে। কিন্তু সেই প্রত্যাশার অনেক দিক এখনো বাস্তবায়িত হয়নি। সংসদে একাধিক মৌলিক সংস্কারসংক্রান্ত অধ্যাদেশ কার্যকর না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, সংবিধান সংশোধনের পরিবর্তে জনগণের রায়ের আলোকে সংবিধান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া প্রয়োজন। এ জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণভোটকে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

বিচারহীনতার সংস্কৃতি বন্ধের ওপরও গুরুত্বারোপ করে হামিদুর রহমান আযাদ বলেন, সহিংসতা, হত্যা ও হামলার ঘটনায় শুধু সরাসরি জড়িত ব্যক্তিদের নয়, বরং যারা নির্দেশ বা সহায়তা দিয়েছেন, তাদেরও আইনের আওতায় আনতে হবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রত্যাশার বিপরীতে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য হবে না। জনগণের রায় ও জাতীয় ঐকমত্যকে গুরুত্ব দিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু) সভাপতিত্ব করেন। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বক্তব্য দেন।:::

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন