Friday, July 10, 2026

বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান


ফাইল ছবিঃ জামায়াত আমির ডা. শফিকুর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম 

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম এবং পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা ও ভূমিধসের প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ জুলাই) সকালে তিনি চট্টগ্রামের দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি, সড়ক ও বিভিন্ন অবকাঠামো। দুর্যোগে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

সফরকালে ডা. শফিকুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলবেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেবেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জামায়াতের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

এ ছাড়া চলমান উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং দুর্গত মানুষের জন্য গৃহীত সহায়তা কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবেন বলেও দলীয় সূত্র জানিয়েছে।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রশাসনের সমন্বিত ত্রাণ কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তা সামনে এসেছে। এই প্রেক্ষাপটে জামায়াত আমিরের সফরকে ক্ষতিগ্রস্ত মানুষের পরিস্থিতি সরেজমিনে মূল্যায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে।:::

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন