- ৩০ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণ এবং দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (১০ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ বন্যাকবলিত জেলার পরিস্থিতি তুলে ধরা হয়। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দুর্গত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংগঠনটি নেতাকর্মীদের বন্যাকবলিত মানুষকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে সহায়তা করার পাশাপাশি গবাদিপশু সরিয়ে নেওয়ার ব্যবস্থায়ও সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। সম্ভাব্য উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক রেসকিউ টিম প্রস্তুত রাখার কথাও বলা হয়েছে।
ত্রাণ কার্যক্রমের ক্ষেত্রে স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে সমন্বয় করে শুকনো খাবার, রান্না করা খাবার, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ফিটকিরি এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহের প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আশ্রয়কেন্দ্রে যাওয়া পরিবারের বসতঘরের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও গুরুত্ব দিয়েছে ছাত্রদল। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সরবরাহ, ভেঙে যাওয়া বাঁধ পুনর্নির্মাণে অংশগ্রহণ এবং টাইফয়েড, ডায়রিয়া, আমাশয়সহ পানিবাহিত রোগ প্রতিরোধে ইউনিটভিত্তিক মেডিকেল টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সব ধরনের কার্যক্রমে নারী, শিশু ও বয়োবৃদ্ধদের অগ্রাধিকার দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদল জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে একটি মেডিকেল টিমও গঠন করা হবে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সার্বিক কার্যক্রম সমন্বয় করবেন। পাশাপাশি দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে পরিচালিত সব কার্যক্রমের তথ্য ইউনিটভিত্তিকভাবে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।