Monday, February 16, 2026

জাতীয় নাগরিক পার্টি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছে আজ


প্রতীকী ছবিঃ এনসিপি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা  

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সন্ধ্যা ছয়টায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় গিয়ে সনদে সই করবেন।

দুপুরের পর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপি এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিনিধিদলে আরও থাকবেন কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও জহিরুল ইসলাম মূসা।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত গণভোটে জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলোতে জনগণ মতামত দেয়। ফলাফলে ‘হ্যাঁ’ ভোট স্পষ্ট ব্যবধানে জয়ী হয়। এতে সনদে অন্তর্ভুক্ত মৌলিক সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের সাংবিধানিক পথ সুগম হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত এনসিপি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সক্রিয় প্রচার চালায়। তবে গত বছর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত মূল স্বাক্ষর অনুষ্ঠানে দলটি অংশ নেয়নি। পরবর্তীতে সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ, প্রধান উপদেষ্টার মাধ্যমে আদেশ জারি এবং গণভোট-পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে কয়েকটি শর্ত তুলে ধরে এনসিপি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসনসহ বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে একাধিক কমিশন গঠন করা হয়। প্রথম দফায় গঠিত ছয়টি কমিশনের সুপারিশের মধ্যে ১৬৬টি প্রস্তাবকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর ৮৪টি প্রস্তাবে ঐকমত্য গড়ে ওঠে, যা নিয়ে তৈরি হয় জুলাই জাতীয় সনদ। এর মধ্যে ৪৮টি প্রস্তাব সরাসরি সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত। এসব প্রস্তাব বাস্তবায়নের জন্যই গণভোট অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, গণভোটে জনগণের সমর্থন পাওয়ার পর এনসিপির সনদে সই করার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। আজকের স্বাক্ষরের মাধ্যমে দলটি আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রক্রিয়ায় অংশীদার হবে বলে ধারণা করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন