- ২১ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন কার্যক্রম শেষ হচ্ছে আগামীকাল (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায়। নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সংক্রান্ত অন্যান্য শর্ত ও নির্দেশনা আগের মতোই বহাল থাকবে। ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং কোন কোন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে—এ বিষয়ে পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। আবেদনকারীকে আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিং সেবা বা সরাসরি কলেজে গিয়ে ফি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ না করলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তাই প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমা মেনে সকল নির্দেশনা অনুসরণ করে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা—এই তিন শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় থাকবে এক ঘণ্টা, যেখানে ১০০টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।
মেধাতালিকা প্রস্তুতের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার (চতুর্থ বিষয়সহ) জিপিএ থেকে যথাক্রমে ৪০ শতাংশ ও ৬০ শতাংশ হারে মোট ১০০ নম্বর নির্ধারণ করা হবে। এর সঙ্গে ভর্তি পরীক্ষার ১০০ নম্বর যোগ করে ২০০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত ফল তৈরি করা হবে। প্রতিটি কলেজে বিষয়ভিত্তিক ও পছন্দক্রম অনুযায়ী পৃথক মেধাতালিকা প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তিসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে শিক্ষার্থীদের নিয়মিত অফিসিয়াল নোটিশ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।