Thursday, October 1, 2026

জাতীয় বেতন স্কেল-২০২৬: মাঠপর্যায়ের কর্মীদের তথ্য চেয়েছে মাউশি


প্রতীকী ছবিঃ পে স্কেল (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের জনবলের বেতন নির্ধারণের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য অধিদপ্তরের অধীন বিভিন্ন কার্যালয় ও প্রতিষ্ঠানে কর্মরত জনবলের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

মাউশির অধীন সব অফিস ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ছকে কর্মীদের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য জমা দিতে হবে। এ বিষয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) মাউশি থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

মাউশির চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসংক্রান্ত কার্যক্রম আরও সহজ, সুশৃঙ্খল ও স্বচ্ছ করার লক্ষ্যে iBAS++-এর ‘Organogram sub-module’-এ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের বিস্তারিত তথ্য সংরক্ষণের কাজ চলছে। এ তথ্যভান্ডারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পদ বা পদের নাম, মূল গ্রেড এবং অনুমোদিত পদের সংখ্যা অন্তর্ভুক্ত করা হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করার অংশ হিসেবে iBAS++-এর ‘Pay Fixation sub-system’-এ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী কর্মীদের বেতন নির্ধারণ করা হবে। এ কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে মাউশি এবং এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর প্রতিষ্ঠানভিত্তিক জনবলের তথ্য আগে ‘Organogram sub-module’-এ অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

এ জন্য মাউশির মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোর তথ্যও সংশ্লিষ্ট মডিউলে যুক্ত করতে বলা হয়েছে। একই সঙ্গে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কিত জিওসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত ছকে প্রতিটি প্রতিষ্ঠানের জনবলের ক্ষেত্রে ক্রমিক নম্বর, পদের নাম বাংলা ও ইংরেজিতে, পদের মূল গ্রেড বা ‘Substantive Grade’, অনুমোদিত পদসংখ্যা এবং প্রয়োজনীয় মন্তব্য উল্লেখ করতে হবে।

মাউশির নির্দেশনা অনুযায়ী, প্রস্তুত করা তথ্যের হার্ড কপি অধিদপ্তরের এইচআরএম শাখার উপপরিচালকের কাছে জমা দিতে হবে। এ জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঢাকার কার্যালয়ের ৫৩০ নম্বর কক্ষ নির্ধারণ করা হয়েছে।

এর পাশাপাশি তথ্যের সফট কপিও পাঠাতে হবে। সফট কপি Nikosh ফন্টে Word Document আকারে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আগামী ৭ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট সব কার্যালয় ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতেই পরবর্তী সময়ে iBAS++ ব্যবস্থায় জনবল ও বেতন নির্ধারণসংক্রান্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন