Saturday, June 6, 2026

জাকার্তায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় চাঁদপুরের শিক্ষার্থীর স্বর্ণপদক


ছবিঃ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থী এম এ সায়েম প্রিয়ন্ত (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতায় প্লাটিনাম অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন চাঁদপুরের শিক্ষার্থী এম. এ. সায়েম প্রিয়ন্ত। তিনি মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির (ইংরেজি ভার্সন) শিক্ষার্থী।

শনিবার জাকার্তা স্টেট ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে নিজের উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে সেরাদের তালিকায় স্থান করে নেন প্রিয়ন্ত।

আয়োজক সূত্রে জানা যায়, আন্তর্জাতিক পর্যায়ের দুটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা—‘ইন্টারন্যাশনাল ইনভেনশন অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’ এবং ‘ইনোভেশন ওয়ার্ল্ড কাপ’-এ অংশগ্রহণ করেন তিনি। প্রতিযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত প্রদর্শনীতে ১৭টি দেশের শত শত দল তাদের উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থাপন করে।

বিচারকদের মূল্যায়নে সেরা উদ্ভাবনগুলোর মধ্য থেকে নির্বাচিত কয়েকটি দলকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। প্রিয়ন্তের দল সেই নির্বাচিত দলগুলোর মধ্যে জায়গা করে নিয়ে প্লাটিনাম অ্যাওয়ার্ড অর্জন করে।

প্রিয়ন্তের এই আন্তর্জাতিক সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। তাঁর বাবা মো. ওমর ফারুক অভি একজন কলেজ শিক্ষক এবং মা সালমা আক্তার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সন্তানের এ অর্জনকে তারা গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে প্রতিষ্ঠানটি নিয়মিত প্রশিক্ষণ ও সহযোগিতা দিয়ে থাকে। প্রিয়ন্তের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসও প্রিয়ন্তকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক অঙ্গনে এমন অর্জন দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী সম্ভাবনার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন