- ২৪ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। একই সঙ্গে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ—এই দুই সময়ের মধ্যে যেটি আগে ঘটবে, ততদিন তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। এ সময়ে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে এ শর্ত কার্যকর থাকবে।
এ ছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসছেন। নতুন নিয়োগের মধ্য দিয়ে তিনি এখন বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ প্রশাসনিক পদে দায়িত্ব নিতে যাচ্ছেন।