- ০৪ জুন, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
স্টকহোমভিত্তিক দ্রুত বর্ধনশীল ‘ভাইব-কোডিং’ স্টার্টআপ ল্যাভেবল-এর সঙ্গে বহুবছরের সহযোগিতা আরও সম্প্রসারণ করেছে গুগল। বুধবার এ ঘোষণা আসে, যেখানে উভয় পক্ষের প্রযুক্তি ও ক্লাউড ব্যবহারে বড় ধরনের সম্প্রসারণের ইঙ্গিত দেওয়া হয়েছে।
চুক্তির আর্থিক বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে প্রযুক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে দেওয়া তথ্য অনুযায়ী, নতুন এই সমঝোতায় গুগল ক্লাউডে ল্যাভেবলের ব্যবহার প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পাবে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবার ব্যবহারও অন্তর্ভুক্ত থাকবে।
চুক্তির অংশ হিসেবে ল্য্যাভেবল এখন থেকে অ্যামাজনের প্রতিদ্বন্দ্বী ক্লাউড সেবার পাশাপাশি গুগলের নিজস্ব জেমিনি মডেল এবং অ্যানথ্রপিকের ক্লড এআই মডেলে আরও বিস্তৃত প্রবেশাধিকার পাবে। বিশেষ করে কোডিং-সম্পর্কিত কাজে ক্লড মডেলের ব্যবহার বাড়বে বলে জানা গেছে।
গুগল চলতি বছরের এপ্রিলে অ্যানথ্রপিকে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা করে, পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্য পূরণ হলে আরও ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। নতুন এই অংশীদারত্ব অ্যানথ্রপিকের লক্ষ্য পূরণে সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ল্য্যাভেবল ইউরোপের অন্যতম দ্রুত বর্ধনশীল স্টার্টআপ হিসেবে পরিচিত। কোম্পানিটি জানায়, ফেব্রুয়ারিতে তাদের বার্ষিক আয় ৪০০ মিলিয়ন ডলার অতিক্রম করে এবং মাত্র এক মাসেই ১০০ মিলিয়ন ডলারের নতুন আয় যুক্ত হয়। মাত্র ১৪৬ জন কর্মী নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বের শীর্ষ ৫০০ কোম্পানির অর্ধেকের বেশি তাদের পণ্য ব্যবহার করছে।
নতুন চুক্তির মাধ্যমে ল্য্যাভেবলের এআই এজেন্ট গুগল ক্লাউডের এন্টারপ্রাইজ মার্কেটপ্লেস এবং জেমিনি এন্টারপ্রাইজ এজেন্ট গ্যালারিতে যুক্ত হবে। এর ফলে বড় করপোরেট গ্রাহকদের জন্য তাদের সেবা গ্রহণ ও বিলিং প্রক্রিয়া আরও সহজ হবে বলে জানিয়েছে গুগল।
এছাড়া সফটওয়্যার নিরাপত্তা জোরদারে গুগলের অধীনস্থ সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান উইজ-এর সঙ্গে সমন্বয় করা হবে। এতে কোডে থাকা ত্রুটি ও নিরাপত্তা ঝুঁকি তাৎক্ষণিকভাবে শনাক্ত ও সমাধানের সুযোগ তৈরি হবে।
বিশ্লেষকদের মতে, এআইভিত্তিক সেবা ও এন্টারপ্রাইজ বাজারে অবস্থান শক্তিশালী করতে গুগলের জন্য এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৃহৎ প্রযুক্তি বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে এই ধরনের সহযোগিতা গুগলের আয়ের নতুন উৎসও তৈরি করতে পারে।