Thursday, October 1, 2026

‘ইউনূস আমাকে ব্যবহার করেছে’ মাহফুজ আলমের নামে ছড়ানো বক্তব্যটি ভুয়া


ফাইল ছবিঃ মাহফুজ আলম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশোতে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম ‘আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে’—এমন মন্তব্য করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে যাচাই করে দেখা গেছে, প্রচারিত দাবিটি সঠিক নয়।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, খালেদ মুহিউদ্দীনের টকশোর যে পর্বের ভিডিওকে ঘিরে দাবিটি ছড়ানো হয়েছে, সেখানে মাহফুজ আলমকে এমন কোনো মন্তব্য করতে শোনা যায়নি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে, খালেদ মুহিউদ্দীনের ‘ঠিকানা’ নামের ইউটিউব চ্যানেলে গত ১৮ জুন মাহফুজ আলমের সাক্ষাৎকারভিত্তিক ওই টকশো প্রকাশিত হয়। পুরো অনুষ্ঠানটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত বক্তব্যের সঙ্গে দাবিটির মিল নেই।

ওই টকশোতে মাহফুজ আলম বরং ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে তাকে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উপস্থাপনের বিষয়ে আপত্তি ও সমালোচনা করেন। তবে পুরো আলোচনায় ‘আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে’ এমন কোনো বক্তব্য তাঁর কাছ থেকে পাওয়া যায়নি।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে আরও বলা হয়েছে, মাহফুজ আলমের ফেসবুক অ্যাকাউন্টও পর্যালোচনা করা হয়। সেখানেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো সাম্প্রতিক পোস্ট পাওয়া যায়নি।

ফলে খালেদ মুহিউদ্দীনের টকশোতে মাহফুজ আলম ‘আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে’ বলেছেন এমন দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বা বক্তব্যের ক্ষেত্রে মূল অনুষ্ঠান, পূর্ণ ভিডিও ও নির্ভরযোগ্য সূত্র যাচাই না করে তা সত্য হিসেবে প্রচার না করার পরামর্শ দিয়েছেন ফ্যাক্টচেকাররা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন