Wednesday, March 18, 2026

ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. মামুন আহমেদ


ফাইল ছবিঃ অধ্যাপক ড. মামুন আহমেদ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. মামুন আহমেদ। বুধবার (১৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের ভিত্তিতে গত ১৬ মার্চ তাকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের দিন থেকেই তার নিয়োগ কার্যকর হয়েছে বলে জানা গেছে।

বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ নবনিযুক্ত চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় ইউজিসির সদস্যবৃন্দ, সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার প্রশাসনিক দক্ষতার জন্য প্রশংসিত হয়েছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর জাপানের নিহন ইউনিভার্সিটি থেকে ভাইরোলজিতে পিএইচডি সম্পন্ন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গে পোস্ট-ডক্টরাল গবেষণাও করেছেন।

দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি প্রভাষক থেকে অধ্যাপক পদে উন্নীত হন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গবেষণার ক্ষেত্রেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা অর্ধশতাধিক এবং মূল কাজের ক্ষেত্র ট্রান্সলেশনাল মলিকুলার ভাইরোলজি ও আধুনিক রোগ নির্ণয় প্রযুক্তি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সূত্রে জানা গেছে, নতুন চেয়ারম্যান হিসেবে তিনি দেশের উচ্চশিক্ষা খাতের মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় জোরদারে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে ইউজিসির কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন