- ১৬ মার্চ, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
পবিত্র ঈদকে সামনে রেখে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধ নিশ্চিত করতে বিশেষ ব্যাংকিং ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে রফতানি বিল নিষ্পত্তি কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি জারি করা এক নির্দেশনায় জানানো হয়, সরকারি ছুটির মধ্যেও দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। এর আওতায় ঢাকা মহানগরীসহ আশুলিয়া, সাভার, টঙ্গী, গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের নির্দিষ্ট ব্যাংক শাখাগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেনদেন চলবে। তবে অভ্যন্তরীণ অফিস কার্যক্রম চালু থাকবে দুপুর ২টা পর্যন্ত। এ সময়ের মধ্যে স্বল্প সময়ের জন্য নামাজের বিরতিও রাখা হবে।
কেন্দ্রীয় ব্যাংক আরও নির্দেশ দিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের প্রযোজ্য নিয়ম অনুযায়ী ভাতা প্রদান নিশ্চিত করতে হবে। পাশাপাশি এসব শাখায় লেনদেনের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে ঈদের আগে পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ সহজ হবে এবং শিল্পাঞ্চলে আর্থিক কার্যক্রম সচল থাকবে।