Friday, July 10, 2026

হলিউডের মহাতারকাদের নিয়ে ক্রিস্টোফার নোলানের দ্য ওডিসি, নতুন চমক টম হল্যান্ড


ছবিঃ অ্যান হ্যাথাওয়ে ওডিসিয়াসের স্ত্রী পেনেলোপির চরিত্রে অভিনয় করেছেন, যিনি তাঁদের ছেলে টেলিমেকাসেরও (টম হল্যান্ড) মা। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

হলিউডের জনপ্রিয় তরুণ অভিনেতা Spider-Man film series খ্যাত Tom Holland মনে করছেন, কিংবদন্তি নির্মাতা Christopher Nolan-এর নতুন সিনেমা The Odyssey তার ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। গ্রিক পুরাণভিত্তিক এই মহাকাব্যিক চলচ্চিত্রে টেলেমাকাস চরিত্রে অভিনয় করছেন তিনি।

৩০ বছর বয়সী হল্যান্ড বলেন, এই চরিত্রটি তার জন্য বিশেষ একটি অভিজ্ঞতা। কারণ, বাস্তব জীবনে প্রাপ্তবয়স্ক হলেও পর্দায় এবার তিনি এমন এক তরুণের ভূমিকায় থাকছেন, যে নিজের হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে বেড়ায় এবং তার পরিচয় ও দায়িত্বের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে।

গ্রিক পুরাণের বিখ্যাত বীর ওডিসিয়াসের একমাত্র সন্তান টেলেমাকাসের চরিত্রে দেখা যাবে হল্যান্ডকে। গল্প অনুযায়ী, ট্রয় যুদ্ধের সময় খুব ছোট থাকায় বাবাকে ভালোভাবে মনে করতে পারে না টেলেমাকাস। তবে বাবার সাহস, বুদ্ধিমত্তা ও বীরত্বের গল্প শুনেই বড় হয় সে।

হল্যান্ড বলেন, “আমার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, এই চরিত্রটি যেন আমাকে শেষবারের মতো একজন তরুণ ছেলে হিসেবে অভিনয়ের সুযোগ দিচ্ছে।”

সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন একাধিক বড় তারকা। ওডিসিয়াস চরিত্রে থাকছেন Matt Damon এবং তার স্ত্রী পেনেলোপের ভূমিকায় অভিনয় করছেন Anne Hathaway। এছাড়া দেবী অ্যাথেনার চরিত্রে দেখা যাবে হল্যান্ডের স্ত্রী Zendaya-কে।

হল্যান্ড জানান, তিনি ও জেনডায়া একসঙ্গে সিনেমার চিত্রনাট্য পড়েছিলেন। পরে নোলান যখন অ্যাথেনা চরিত্রের জন্য জেনডায়াকে নেওয়ার কথা জানান, তখন বিষয়টি তাদের জন্য বিশেষ মুহূর্ত হয়ে ওঠে।

তিনি বলেন, নোলানের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া একই সঙ্গে আনন্দের এবং চাপের। কারণ, এর আগে নোলান যেসব অভিনেতার সঙ্গে কাজ করেছেন, তাদের তালিকা অত্যন্ত সমৃদ্ধ।

অন্যদিকে নির্মাতা নোলানও হল্যান্ডের প্রশংসা করেছেন। তার মতে, হল্যান্ড তার প্রজন্মের অন্যতম সেরা অভিনেতাদের একজন।

‘দ্য ওডিসি’ সিনেমায় যুদ্ধ, পরিবার, দায়িত্ব ও মানবিক সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে। নোলান জানিয়েছেন, তিনি পুরনো গল্পকে নতুন দৃষ্টিভঙ্গিতে দর্শকের সামনে আনতে চেয়েছেন।

সিনেমাটির নির্মাণেও থাকছে নোলানের স্বাভাবিক বাস্তবধর্মী পদ্ধতি। বিশাল সেট, বাস্তব জাহাজ, সমুদ্র ও যুদ্ধের দৃশ্য ধারণে ব্যবহার করা হয়েছে বাস্তব উপকরণ। সিনেমাটি সম্পূর্ণভাবে আইম্যাক্স ফিল্ম ক্যামেরায় ধারণ করা হয়েছে, যা নোলানের চলচ্চিত্র নির্মাণের অন্যতম বৈশিষ্ট্য।

ওডিসিয়াস চরিত্রে অভিনয় করা ম্যাট ডেমন বলেন, নোলান যখন তাকে সিনেমার প্রস্তাব দেন, তখন শুধু ‘দ্য ওডিসি’ নাম শুনেই তিনি রাজি হয়ে যান।

নোলান মনে করেন, দর্শক সবসময় নতুন ধরনের গল্প দেখতে চান। পরিচিত কাহিনিকেও নতুনভাবে উপস্থাপন করা সম্ভব হলে তা নতুন অভিজ্ঞতা তৈরি করে।

তার ভাষায়, “হলিউডের বড় ভুল হলো মানুষ নতুন কিছু দেখতে চায়, এই বিষয়টি ভুলে যাওয়া।”

বিশেষজ্ঞদের মতে, গ্রিক পুরাণের এই কালজয়ী গল্প, নোলানের নির্মাণশৈলী এবং হল্যান্ড-ডেমন-হ্যাথাওয়ের মতো তারকাদের উপস্থিতি ‘দ্য ওডিসি’কে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত সিনেমায় পরিণত করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন