Wednesday, July 8, 2026

সাভারে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে জবি ছাত্রশক্তির বিক্ষোভ


ছবিঃ সাভারে এনসিপির সমাবেশে হাতবোমা হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা জাতীয় ছাত্রশক্তি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে হাতবোমা হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রশক্তির নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘একাত্তরের গণহত্যা’ ভাস্কর্য চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সদস্যসচিব শাহিন মিয়া বলেন, বিরোধীদলীয় চিফ হুইপের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচিতে হামলার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান এবং কেন ধারাবাহিকভাবে জুলাই আন্দোলনের নেতাদের লক্ষ্য করে হামলার অভিযোগ উঠছে, তা খতিয়ে দেখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির মুখ্য সংগঠক ফেরদৌস শেখও। তিনি দাবি করেন, জনসভা চলাকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর বিস্ফোরণের ঘটনা জননিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। তার ভাষ্য, এ ধরনের হামলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

বক্তারা অবিলম্বে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন