- ২১ অক্টোবর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর জনপ্রিয় গান ‘গোল্ডেন’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া গায়িকা ও গীতিকার ইজে এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। সংগীত প্রযোজক ও গীতিকার স্যাম কিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শনিবার (১৭ অক্টোবর) তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত ভোগ ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি উঠে আসে। ঘরোয়া পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
সিউলের গাংডং এলাকায় অবস্থিত স্টেজ ২৮-এ খোলা আকাশের নিচে বিয়ের আয়োজন করেন এই জুটি। স্থানটি ইজের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। একসময় সেখানে তাঁর নানা, বর্ষীয়ান কোরীয় অভিনেতা শিন ইয়ং-কিউনের বাড়ি ছিল। এর আগে একই জায়গায় বিয়ে হয়েছিল ইজের বড় ভাইয়েরও।
প্রথমে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিয়ের পরিকল্পনা করেছিলেন ইজে ও স্যাম কিম। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে দক্ষিণ কোরিয়ায় বিয়ের আয়োজন করেন তাঁরা। পাশাপাশি এগিয়ে আনা হয় বিয়ের তারিখও।
বিয়ের প্রস্তুতির জন্য সব মিলিয়ে মাত্র চার মাস সময় পেয়েছিলেন এই জুটি। ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর সাফল্যের পর প্রচারণাসহ নানা ব্যস্ততায় তাঁদের বিয়ের পরিকল্পনা আগেই পিছিয়ে গিয়েছিল।
ইজে ও স্যাম কিমের পরিচয় ২০১৭ সালের মে মাসে, একটি গানের কাজে যুক্ত হওয়ার মধ্য দিয়ে। প্রথমে সহকর্মী হিসেবে তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। সময়ের সঙ্গে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। দীর্ঘদিনের এই সম্পর্কের পর ২০২৫ সালের জুনে বাগ্দান করেন তাঁরা।
বিয়ের অনুষ্ঠানে কোরীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী ‘পেবেক’ রীতিও পালন করা হয়। এ প্রথায় নবদম্পতি পরিবারের বয়োজ্যেষ্ঠদের সামনে নত হয়ে তাঁদের আশীর্বাদ গ্রহণ করেন।
সংগীতজগতে ইজের পথচলা শুরু হয়েছিল এসএম এন্টারটেইনমেন্টের প্রশিক্ষণার্থী হিসেবে। পরে গীতিকার হিসেবে কে-পপ সংগীতে নিজের অবস্থান তৈরি করেন তিনি। রেড ভেলভেটের ‘সাইকো’ এবং এসপার ‘ড্রামা’ ও ‘আর্মাগেডন’-এর মতো জনপ্রিয় গানে কাজ করেছেন এই শিল্পী।
তবে তাঁর ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর ‘গোল্ডেন’ গানটির মাধ্যমে। গানটির সহগীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে ব্যাপক পরিচিতি পান ইজে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ভিজ্যুয়াল মিডিয়ার জন্য লেখা সেরা গানের পুরস্কার জেতে ‘গোল্ডেন’। গানটির এই অর্জন ইজের সংগীতজীবনে নতুন মাত্রা যোগ করে। বিশ্বজুড়ে জনপ্রিয়তার মধ্যেই এবার ব্যক্তিজীবনেও নতুন যাত্রা শুরু করলেন তিনি।