- ২২ জুন, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
চলমান বিশ্বকাপে খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ‘হাইড্রেশন ব্রেক’ চালু করেছে ফিফা। তবে নতুন এই নিয়ম ঘিরে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ এটিকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এতে ম্যাচের স্বাভাবিক ছন্দ ব্যাহত হচ্ছে।
নিয়ম অনুযায়ী, প্রতিটি ম্যাচের দুই অর্ধে নির্দিষ্ট সময়ে খেলা থামিয়ে খেলোয়াড়দের পানি পান ও স্বল্প বিশ্রামের সুযোগ দেওয়া হচ্ছে। বিশেষ করে অতিরিক্ত গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।
তবে ফিফার এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি মনে করেন, হাইড্রেশন ব্রেকের ফলে ম্যাচের ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৌশলগত দিক থেকে কিছু দল বাড়তি সুবিধা পাচ্ছে।
এক সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, বিশ্বকাপের প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু নতুন এই বিরতির কারণে খেলার গতি বারবার থেমে যাচ্ছে। এতে দলগুলো নিজেদের পরিকল্পনা পুনর্বিন্যাসের অতিরিক্ত সুযোগ পাচ্ছে, যা ম্যাচের স্বাভাবিক প্রবাহকে পরিবর্তন করে দিতে পারে।
তিনি আরও বলেন, আগে একটি ম্যাচকে মূলত দুই ভাগে ভাগ করা যেত, কিন্তু এখন বাস্তবে তা চারটি আলাদা পর্বে বিভক্ত হয়ে যাচ্ছে। ফলে মাঠের পরিস্থিতি অনুযায়ী কোচদের পূর্বনির্ধারিত পরিকল্পনাও বারবার পরিবর্তন করতে হচ্ছে।
তবে স্কালোনি স্বীকার করেন, নিয়মটি কেবল অপেক্ষাকৃত দুর্বল দল নয়, শক্তিশালী ও আক্রমণাত্মক দলগুলোর জন্যও কৌশল সাজানোর সুযোগ তৈরি করছে। নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে বিশ্বকাপের দর্শকদের একাংশও হাইড্রেশন ব্রেক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, বাধ্যতামূলক বিরতির কারণে ফুটবলের স্বাভাবিক উত্তেজনা ও ধারাবাহিকতা কিছুটা ব্যাহত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
তবে ফিফা বলছে, খেলোয়াড়দের শারীরিক সুরক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। তীব্র গরমে দীর্ঘ সময় খেলার কারণে স্বাস্থ্যঝুঁকি কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নতুন নিয়মটি ভবিষ্যতের আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতেও বহাল থাকবে কি না, তা নিয়ে এখন থেকেই ফুটবল মহলে আলোচনা শুরু হয়েছে।