Thursday, July 30, 2026

‘গুলশানের চামেলি’তে আইনজীবী বাঁধন, নারীকেন্দ্রিক গল্পে থাকছেন মধুমিতা


ফাইল ছবিঃ আজমেরী হক বাঁধন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে জায়গা করে নেওয়া ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর সাফল্যের খবরের মধ্যেই নতুন সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ নামের নতুন সিনেমায় একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে।

নতুন সিনেমাটির গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় কাজটির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বাঁধন। তবে এখনো নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে সই করেননি তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের প্রথম সপ্তাহে চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বুধবার (৩০ জুলাই) গণমাধ্যমকে বাঁধন জানান, পরিচালকের সঙ্গে সিনেমাটি নিয়ে তার প্রাথমিক আলোচনা হয়েছে। গল্পের বিষয়বস্তু ও চরিত্রের উপস্থাপনা ভালো লাগায় তিনি এতে কাজ করতে সম্মতি দিয়েছেন।

বাঁধন বলেন, ‘যেভাবে আমাকে সিনেমাটির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি আমার খুব ভালো লেগেছে। পরিচালক ইকবাল ভাই আমাকে বলেছেন, “ম্যাডাম, আপনিই আমাদের সিনেমার হিরো।” একজন শিল্পী হিসেবে সম্মান এবং সম্মানীর বিষয়টিও আমাকে কাজটি করতে আগ্রহী করেছে।’

‘গুলশানের চামেলি’ পরিচালনা করবেন মোহাম্মদ ইকবাল। এর আগে তিনি ‘কিল হিম’, ‘ডেড বডি’ ও ‘রিভেঞ্জ’সহ কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন।

নির্মাতাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সিনেমাটির গল্প আবর্তিত হবে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে থাকা নানা অন্ধকার বাস্তবতাকে ঘিরে। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধে জড়িত না থেকেও ক্ষমতাবান ব্যক্তি ও সমাজব্যবস্থার নির্মমতার শিকার হন। তার জীবনসংগ্রাম ও প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাবে সিনেমার কাহিনি।

সিনেমাটিতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকবে না। পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন একজন নারী। গল্পের বিভিন্ন পর্যায়ে সেই চরিত্রের ইতিবাচক ও নেতিবাচক দুই দিকই তুলে ধরা হবে। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, এটি একটি পূর্ণাঙ্গ নারীকেন্দ্রিক সিনেমা।

ছবিটির নাম ভূমিকায় অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। তার পাশাপাশি বাঁধন ছাড়াও অভিনয়ের কথা রয়েছে দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী রোজিনা, আমিন খান ও আশীষ খন্দকারের।

নতুন সিনেমায় কাজের সিদ্ধান্ত প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমি সব সময় “রেহানা মরিয়ম নূর” বা “দ্য ডিফিকাল্ট ব্রাইড”-এর মতো গল্প পাব না। অভিনয় আমার পেশা। তাই আমি বিভিন্ন ধরনের গল্প ও চরিত্রে কাজ করে নতুন অভিজ্ঞতা নিতে চাই।’

তিনি আরও বলেন, সিনেমাটির অন্য অভিনয়শিল্পীদের নাম শুনেও তার মধ্যে কাজটি নিয়ে আস্থা তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সক্ষমতা দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ হিসেবেও তিনি সিনেমাটিকে দেখছেন।

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন আজমেরী হক বাঁধন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ২০১০ সালে ‘নিঝুম অরণ্যে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়।

আন্তর্জাতিক অঙ্গনে বাঁধনের পরিচিতি বাড়ে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে। সিনেমাটি তাকে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে নিয়ে যায়। পরে তিনি বলিউডের ‘খুফিয়া’ সিনেমাতেও অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ আলোচিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এবার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে নির্বাচিত হয়েছে।

সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী ডিসেম্বর থেকে ‘গুলশানের চামেলি’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন