- ১৬ জুন, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বিশ্বকাপের মঞ্চে কখনও কখনও এমন গল্প জন্ম নেয়, যা ফলাফলের গণ্ডি পেরিয়ে ছুঁয়ে যায় কোটি মানুষের হৃদয়। কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার গল্পও তেমনই এক অনুপ্রেরণার নাম।
আটলান্টায় বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য এক পারফরম্যান্স উপহার দেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। পুরো ম্যাচজুড়ে একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেন। বিশ্বকাপে অভিষেক আসরে কেপ ভার্দের জন্য এটি ছিল ঐতিহাসিক এক অর্জন।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আবেগে ভেঙে পড়েন ভোজিনহা। দু’হাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়া এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। অনেকেই ভেবেছিলেন, এটি হয়তো আনন্দের অশ্রু। কিন্তু পরে জানা যায়, সেই কান্নার পেছনে লুকিয়ে ছিল ব্যক্তিগত বেদনা ও অপূর্ণতার গল্প।
ম্যাচ শেষে ভোজিনহা জানান, জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তে তাঁর প্রিয়জনেরা পাশে থাকতে পারেননি। ছোটবেলায় তিনি দাদা-দাদির কাছে বড় হয়েছেন। তবে কয়েক বছর আগে তারা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আর তাঁর মা বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে পারেননি ভিসা জটিলতা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে।
আবেগঘন কণ্ঠে তিনি বলেন, জীবনের এমন একটি দিনে মাকে পাশে না পাওয়ার কষ্টই তাঁকে কাঁদিয়েছে। সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন করা সম্ভব না হওয়ায় তাঁর মা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারেননি।
ভোজিনহার অসাধারণ পারফরম্যান্স ফুটবল বিশ্লেষকদেরও মুগ্ধ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষকেরা ম্যাচটিকে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা প্রদর্শনী হিসেবে আখ্যা দিয়েছেন। সতীর্থরাও ম্যাচ শেষে তাঁকেই দলের প্রকৃত নায়ক হিসেবে তুলে ধরেন।
সাবেক ফুটবলার ও বিশ্লেষকদের অনেকেই বলেছেন, বয়স কেবল একটি সংখ্যা ভোজিনহা তার উজ্জ্বল প্রমাণ। ৪০ বছর বয়সেও তাঁর ক্ষিপ্রতা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব কেপ ভার্দেকে এনে দিয়েছে এক মূল্যবান পয়েন্ট।
স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই ড্রয় শুধু একটি ফল নয়; এটি ছোট দলের স্বপ্ন, সংগ্রাম ও আত্মবিশ্বাসের প্রতীক। আর সেই গল্পের কেন্দ্রে রয়েছেন এক গোলরক্ষক, যার চোখের জল বিশ্বকাপের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে দীর্ঘদিন।