Saturday, August 8, 2026

জাপানে টাইফুন ডলফিনের আঘাত, বিদ্যুৎহীন ১৪ হাজার স্থাপনা; চীনে জরুরি প্রস্তুতি


ছবিঃ জাপানের কাগোশিমার আমামির নাজেআসাহিচো এলাকায় টাইফুন ‘ডলফিন’-এর আগমনের মুখে প্রবল বাতাস ও বৃষ্টির মধ্য দিয়ে একটি গাড়ি এগিয়ে চলেছে (সংগৃহীত । আল জাজিরা)

আন্তর্জাতিক ডেস্ক। PNN

জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’। ঝড়ের প্রভাবে অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং প্রায় ১৪ হাজার ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ঝড়টি এখন চীনের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির বিভিন্ন এলাকায় বন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান ও পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

জাপানে ওকিনাওয়া দ্বীপ এবং কাগোশিমা প্রিফেকচারের আমামি দ্বীপপুঞ্জ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওকিনাওয়ার স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহত পাঁচজনই বয়স্ক। তাদের মধ্যে তিনজন প্রবল বাতাসের ধাক্কায় পড়ে গিয়ে আহত হন। তবে কারও আঘাত গুরুতর নয়।

ঝড়ের কারণে ওকিনাওয়াসহ জাপানের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। চীন ও তাইওয়ানেও বিমান চলাচলে এর প্রভাব পড়েছে।

জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার গ্রিনিচ মান সময় ৩টার দিকে ডলফিন ওকিনাওয়ার কুমে দ্বীপের প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। তখন ঝড়টি ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। এর সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৬২ কিলোমিটার, আর দমকা হাওয়ার গতি উঠছিল ঘণ্টায় ২১৬ কিলোমিটার পর্যন্ত।

টাইফুন ডলফিনের উৎপত্তি হয় গত ২৬ জুলাই মধ্য প্রশান্ত মহাসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ থেকে। শুরুতে ঘণ্টায় প্রায় ৪৫ কিলোমিটার গতিতে সাগরের ওপর দিয়ে এগিয়ে যাওয়া ঝড়টি কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়।

ক্রমে এটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়, পরে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে রূপ নেয়। ২৮ জুলাই ঝড়টি টাইফুনে পরিণত হওয়ার পর আরও শক্তি সঞ্চয় করে ‘ভেরি স্ট্রং টাইফুন’-এর পর্যায়ে পৌঁছে যায়।

হংকংয়ের চীনা সাদা ডলফিনের নাম অনুসারে ঝড়টির নাম রাখা হয়েছে ‘ডলফিন’।

জাপান পেরিয়ে ডলফিন এখন চীনের পূর্ব উপকূলের দিকে এগোচ্ছে। ঝড়ের প্রভাবে বড় ধরনের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় চীনা কর্তৃপক্ষ তৃতীয় স্তরের জরুরি সতর্কতা জারি করেছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যে ঝড়টি চীনের পূর্ব ও দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে। ঝড়ের সম্ভাব্য গতিপথের মধ্যে রয়েছে ঝেজিয়াং প্রদেশের ঝুশান শহর থেকে ফুজিয়ান প্রদেশের ফুডিং শহরের মধ্যবর্তী উপকূলীয় এলাকা।

আগামী ১২ আগস্ট পর্যন্ত পূর্ব চীনের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। সাংহাই ও আশপাশের প্রদেশগুলোও ঝুঁকির মধ্যে রয়েছে। ঝেজিয়াংয়ের কিছু এলাকায় ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

ঝুঁকি বিবেচনায় ঝেজিয়াংয়ে উপকূলীয় টাইফুন সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। বন্দর কার্যক্রম বন্ধের পাশাপাশি ১৬২টি যাত্রীবাহী ফেরি রুটের চলাচল স্থগিত করা হয়েছে।

ঝেজিয়াংয়ের অন্যতম বড় শহর নিংবোতে সপ্তাহান্তে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পানিসংক্রান্ত সব ধরনের কার্যক্রমও স্থগিত করা হয়েছে।

নিংবো লিশে আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা থেকে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে এবং রোববার সব ফ্লাইট বাতিল করা হবে।

সাংহাইয়ের ইয়াংশান বন্দরে থাকা জাহাজগুলো সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে ইয়াংসি নদী অববাহিকা অঞ্চলে রোববার থেকে কয়েকটি রেলসেবাও বন্ধ রাখা হবে।

টাইফুনের প্রভাবে তাইওয়ানেও ব্যাপক বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে ৬৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিশেষ করে দ্বীপটির উত্তরাঞ্চলে সপ্তাহান্তে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে শনিবার পর্যন্ত কোনো এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।

এদিকে টাইফুনকে কেন্দ্র করে তাইওয়ান প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে চীনের ট্রাফিক নিয়ন্ত্রণ নির্দেশনা মেনে চলার নির্দেশ দিয়েছে বেইজিং। এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে তাইপে। তাইওয়ানের দাবি, আন্তর্জাতিক জলসীমায় চলাচল নিয়ন্ত্রণের অধিকার চীনের নেই।

চীন স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং তাইওয়ান প্রণালির ওপরও সার্বভৌমত্বের দাবি জানায়। তবে তাইপে বরাবরই বেইজিংয়ের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে।

এদিকে পূর্ব এশিয়ায় চলমান রেকর্ড তাপপ্রবাহের মধ্যেই টাইফুন ডলফিনের আঘাত নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। জাপানে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তিনটি সিংহের মৃত্যুর ঘটনাও ঘটেছে। দক্ষিণ কোরিয়ায়ও চরম তাপমাত্রার কারণে ২০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন