- ০২ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের দাবিতে চলমান আন্দোলন আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
তিনি বলেন, দলের কোনো বক্তব্য, সিদ্ধান্ত কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড যেন চলমান আন্দোলনের গতি কমিয়ে না দেয় বা জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি না করে, সে বিষয়ে নেতাকর্মীদের দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে।
শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত দলের ২০২৫-২৬ সেশনের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশন পরিচালনা করেন দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে খেলাফত মজলিসের আমির বলেন, স্থানীয় সরকারের সব পর্যায়ের নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলীয় প্রস্তুতি শুরু করতে হবে। যোগ্য, সৎ, দক্ষ এবং জনকল্যাণে নিবেদিত ব্যক্তিদের প্রার্থী হিসেবে বাছাই করে তৃণমূল থেকে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অধিবেশনে দলটির পক্ষ থেকে ৯ দফা প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবগুলোতে সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের দাবি জানানো হয়। একই সঙ্গে কোরআন ও সুন্নাহবিরোধী আইন এবং নীতিমালাকে অকার্যকর ঘোষণার বিষয়ে সাংবিধানিক বিধান অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া আল্লাহ, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলামের অবমাননার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন এবং জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও অধিবেশনে প্রস্তাব গৃহীত হয়। গাজায় চলমান গণহত্যা বন্ধ, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এবং ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধে কার্যকর ভূমিকা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।
এ ছাড়া হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি করা হয়। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।
অধিবেশনে দলের অভিভাবক পরিষদের সদস্য মাওলানা আকরাম আলী, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা আলী উসমান, মুফতি সাঈদ নূর, মাওলানা কোরবান আলী কাসেমীসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।