- ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গণভোটের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা রক্ষায় বিএনপি সরকার কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রায় ৬৮ শতাংশ ভোটার গণভোটের পক্ষে মত দিয়েছেন। জনগণের এই রায়কে সম্মান জানিয়ে সরকার দায়িত্বশীল আচরণ করবে বলে তারা প্রত্যাশা করেন।
সংবাদ সম্মেলনে তিনি বিএনপির সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করার বিষয়টিকে অনুচিত বলে মন্তব্য করেন। পাশাপাশি আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, দলটি বর্তমানে নিষিদ্ধ সংগঠন হিসেবে বিবেচিত এবং আইন অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
নীতিগত দৃষ্টিকোণ থেকে উপদেষ্টাদের সরাসরি মন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়টি প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মত দেন এবি পার্টির চেয়ারম্যান। তবে আইনগত বাধা না থাকলে সে ক্ষেত্রে আপত্তির অবকাশ কম বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, অবাধ ও নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করা গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব। নির্বাচনব্যবস্থার সংস্কার হলে ফলাফল আরও প্রতিফলিত হতে পারত বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিচার ও সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা অব্যাহত রাখতে হবে। অন্যায়ের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা সরকারের প্রতি গণভোটের অঙ্গীকার বাস্তবায়ন এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।