- ২০ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় ভাড়া বাসায় ঢুকে সানজিদা আক্তার (২৩) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা আক্তার বরিশালের কোতোয়ালি থানার এলাকার শাজাহান হাওলাদারের মেয়ে। তিনি আমবাগ আতাউর মার্কেট এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সানজিদা বাসায় ছিলেন। সকালে এক যুবক তার বাসায় প্রবেশ করে। একপর্যায়ে ওই যুবক সানজিদার বুকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে সানজিদা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ বা হামলাকারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।