Wednesday, April 22, 2026

ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেসের মৃত্যুতে শোকাহত চলচ্চিত্র অঙ্গন


ফাইল ছবিঃ নাদিয়া ফারেস (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ফরাসি-মরোক্কান জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। গত ১৭ এপ্রিল হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৫৭ বছর বয়সে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে ইউরোপীয় চলচ্চিত্রজগতে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত শুক্রবার প্যারিসের একটি ব্যক্তিগত ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে কৃত্রিম কোমায় রাখেন। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়ে তাঁর মৃত্যু হয়।

অভিনয়জীবনে নাদিয়া ফারেস আন্তর্জাতিক পরিচিতি পান The Crimson Rivers চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর হলিউডসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রযোজনায় কাজ করে তিনি আরও জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে War এবং Storm Warning ছবিতে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। এছাড়া টেলিভিশন সিরিজ Marseille-এ অভিনয়ের মাধ্যমে তিনি পরবর্তী সময়ে আবার আলোচনায় আসেন।

১৯৬৮ সালের ২০ ডিসেম্বর মরক্কোর মারাকেশে জন্ম নেওয়া এই অভিনেত্রী শৈশব কাটান ফ্রান্সের নিস শহরে। অভিনয়ের প্রতি আগ্রহ থেকে পরবর্তীতে প্যারিসে গিয়ে ক্যারিয়ার গড়ে তোলেন।

নাদিয়ার দুই মেয়ে সিলিয়া ও শানা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানান, “ফ্রান্স একজন প্রতিভাবান শিল্পীকে হারাল, আর আমরা হারালাম আমাদের মাকে।”

এদিকে, তাঁর মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ফরাসি গণমাধ্যমের তথ্যমতে, এ পর্যন্ত কোনো অপরাধমূলক ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।

নাদিয়া ফারেসের মৃত্যুতে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের মধ্যে শোকের পাশাপাশি তাঁর অভিনয়জীবনের স্মৃতিচারণও চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন