Wednesday, April 22, 2026

এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বৈশাখী ভাতা ছাড়, দ্রুত পরিশোধের আশ্বাস


প্রতীকী ছবিঃ শিক্ষা মন্ত্রণালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন এবং বৈশাখী ভাতা ছাড় করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ বা আগামীকালের মধ্যেই তারা নিজ নিজ ইএফটি হিসাব অথবা ম্যানুয়াল পদ্ধতিতে এই অর্থ হাতে পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাজেট শাখা সূত্রে জানা যায়, বৈশাখী ভাতা প্রদানে কিছুটা বিলম্ব হয়েছিল। পহেলা বৈশাখের আগে ভাতা খাতে বরাদ্দ কম থাকা এবং নতুন করে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীর যোগদানের কারণে এই পরিস্থিতি তৈরি হয়।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, চলতি অর্থবছরে প্রায় ১,১০০ জনের বেশি নতুন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হওয়ায় ভাতা খাতে অতিরিক্ত চাপ পড়ে। পরবর্তীতে প্রয়োজনীয় বরাদ্দ সমন্বয় করে ৯ এপ্রিল ভাতার অনুমোদন দেওয়া হয়।

অন্যদিকে বেতনের বিষয়েও আগেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গত ৩১ মার্চ সংশ্লিষ্ট অধিদপ্তর ও অর্থ বিভাগে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় বলে জানা গেছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বর্তমানে প্রায় ২০ হাজার ৫৯৬ জন শিক্ষক-কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে বেতন গ্রহণ করেন। এছাড়া আরও দুই হাজারের বেশি ব্যক্তি ম্যানুয়াল পদ্ধতিতে বেতন পেয়ে থাকেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন বরাদ্দ নিশ্চিত হওয়ায় ভবিষ্যতে এ ধরনের বিলম্ব কমে আসবে এবং নির্ধারিত সময়েই বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন