- ০৩ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানোর অভিযোগ এনে ১২ ঘণ্টার মধ্যে জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব মো. বিল্লাল হোসেন ব্যাপারী। নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ দৃশ্যমান অগ্রগতি দেখাতে না পারলে থানার সামনে আত্মহত্যা করবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (২ আগস্ট) বিকালে শ্রীপুর থানা-পুলিশের উদ্যোগে আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীনের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।
মো. বিল্লাল হোসেন ব্যাপারী শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের বাসিন্দা এবং শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব।
সভায় বক্তব্য দিতে গিয়ে বিল্লাল হোসেন অভিযোগ করেন, কয়েকটি ভুয়া ফেসবুক আইডি থেকে তার একটি ছবির সঙ্গে টেবিলে রাখা কয়েকটি মদের বোতল ও আরও দুই ব্যক্তির ছবি যুক্ত করে একটি সম্পাদিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
তার দাবি, ছবিটি বিকৃতভাবে সম্পাদনা করে প্রচার করায় তার ব্যক্তিগত মর্যাদা এবং রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিল্লাল হোসেন বলেন, বিষয়টি জানার পর তিনি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত এ ঘটনায় পুলিশের দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষ্য করেননি।
পুলিশ সুপারকে উদ্দেশ করে তিনি বলেন, “আগামী ১২ ঘণ্টার মধ্যে যারা এ অপপ্রচার চালিয়েছে, তাদের শনাক্ত করা না হলে আমি থানার সামনে এসে আত্মহত্যা করব।”
তিনি আরও বলেন, “একজন পৌর বিএনপির নেতার অভিযোগেরও যদি কার্যকর প্রতিকার না হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে পুলিশের কাছ থেকে সেবা পাবে?”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, বিএনপি নেতা বিল্লাল হোসেন ব্যাপারীর অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তাকে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের প্রতিটি নাগরিকের পাশে যেভাবে কাজ করে, বিল্লাল হোসেনের ক্ষেত্রেও একইভাবে দায়িত্ব পালন করবে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।