Saturday, March 14, 2026

এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, দুটি অস্ত্রোপচার সফল


ফাইল ছবিঃ মির্জা আব্বাস (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের দুটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেছেন, “আপনাদের সকলের দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাস এমপির দুটো অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।”

মির্জা আব্বাস গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাঁকে তৎক্ষণাৎ বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে যান এবং মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। তিনি চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। এছাড়া জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও হাসপাতাল পরিদর্শন করেন।

মির্জা আব্বাসের সুস্থতা ও দ্রুত সেরে ওঠার জন্য রাজনৈতিক এবং সাধারণ জনগণের মধ্যে শোক ও উদ্বেগের মধ্যে এক ধরণের আশা ও দোয়ার পরিবেশ বিরাজ করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন