- ১৪ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঈদের ক’দিন বাকি থাকায় রাজধানীর শপিংমল, মার্কেট ও ফুটপাত সবখানেই জমজমাট কেনাকাটার দৃশ্য লক্ষ্য করা গেছে। শুক্রবার (১৩ মার্চ) ছুটির দিনে মানুষ ঈদ উপলক্ষে কাপড়, জুতা, ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বাজারে ঘুরে বেড়াচ্ছেন। বিশেষ করে চাকরিজীবীরা সপ্তাহের কর্মদিবসে সময় বের করতে না পারায় ছুটির দিনগুলোকে কেনাকাটার জন্য বেছে নেন।
নিরাপদ ও ঝামেলাহীন কেনাকাটার জন্য অনেক পরিবার শপিংমলকে বেছে নিচ্ছেন। মিরপুর-পল্লবী থেকে পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমলে আসা মিজানুর রহমান মাসুম জানান, “মানুষের ভিড় থাকলেও এখানে স্বাচ্ছন্দ্য ও নিরাপদে কেনাকাটা করা যায়। দাম একটু বেশি হলেও মানসম্মত পোশাক পাওয়া যায়।”
ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজায় পাথরের কারুকাজ করা থ্রি-পিস ও জুতা কিনতে আসা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রিমি বলেন, “দাম নিয়ে ভাবছি না, পছন্দ হলে কিনে নেব। ঈদ একটি বড় উৎসব, তাই পছন্দকেই প্রাধান্য দিচ্ছি।”
বাজারে নারীদের জন্য রয়েছে সালোয়ার-কামিজ, কুর্তি, শাড়ি ও বৈচিত্র্যময় থ্রি-পিস, আর পুরুষদের জন্য রাখা হয়েছে রেগুলার, ফিটেড পাঞ্জাবি, টি-শার্ট ও ফতুয়া। ফার্মগেট এলাকার ‘গেটাপ পয়েন্ট’ মার্কেটের বিক্রেতা রনি জানান, “ইন্ডিয়ান বুটিকস, স্টোন ওয়ার্ক ও মার্শাল ব্র্যান্ডের থ্রি-পিসের চাহিদা বেশি। দাম ১৩০০ থেকে ১৬৫০ টাকার মধ্যে।”
বসুন্ধরা সিটি শপিংমলে দেশীয় তাঁতের পোশাক পাওয়া যাচ্ছে ১৩০০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে। শপিংমলের তৃতীয় তলার দেশি দশের ফ্লোরে ক্রেতাদের ভিড় সর্বদা লক্ষ্য করা যায়। বাংলার মেলার বিক্রেতা রেবেকা জানান, “উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত দেশীয় পোশাক পছন্দ করেন, তারা এখানে স্বাচ্ছন্দ্যে ঘুরে দেখে নিতে পারেন।”
নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত ক্রেতারা ফুটপাতের বাজারেই কেনাকাটা করছেন। ফার্মগেট এলাকার ফুটপাতের বিক্রেতা রহিম জানান, “সকাল ১০টায় দোকান খোলা হয়, গভীর রাত পর্যন্ত বিক্রি চলে। এখানে পাঞ্জাবি ৫০০-৮০০ টাকায়, জুতা ১০০০ থেকে ২৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।”
শহরের শপিংমল ও ফুটপাত মিলিয়ে ঈদকে ঘিরে ব্যবসা ব্যস্ততায় রয়েছে, যা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য আনন্দের পাশাপাশি চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে।