- ১৪ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলাকে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষায় নির্মাণাধীন ৩৭ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে তিনি কমলনগর উপজেলার ফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকায় পৌঁছান।
পরিদর্শনকালে মন্ত্রী চলমান বাঁধ নির্মাণকাজের অগ্রগতি নিজ চোখে দেখেন এবং প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজের মান ও সময়সীমা নিয়ে আলোচনা করেন। তিনি নির্মাণাধীন বাঁধের কাজ দ্রুত শেষ করার কঠোর নির্দেশ দেন এবং সাধারণ মানুষ যাতে বর্ষা মৌসুমের আগে এর সুফল পায়, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. সাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. দিদার হোসেনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, "মেঘনা নদীর ভাঙন থেকে এলাকার মানুষকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার। কাজের মান বজায় রেখে দ্রুত সমাপ্তি নিশ্চিত করা খুব জরুরি।" হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান জানান, প্রশাসনিক ও রাজনৈতিক সকল সহযোগিতা দিয়ে বাঁধ নির্মাণ কাজ দ্রুত ও নির্বিঘ্ন করতে সকল পর্যায়ে সহায়তা করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মন্ত্রী দিনব্যাপী রামগতি ও কমলনগর উপজেলার নদীর তীরবর্তী ভাঙনপ্রবণ এলাকা ও বাঁধের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করবেন। তার আকস্মিক পরিদর্শনে নদীপাড়ের মানুষ মধ্যে আশার সঞ্চার হয়েছে।