- ২৮ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
২০২৬ সালের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষা কেন্দ্রগুলোর প্রস্তুতি যাচাইয়ে ২৪ সদস্যের একটি পরিদর্শন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এই কমিটি ৮টি পৃথক টিমে ভাগ হয়ে দেশের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবে।
শনিবার (২৮ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, গঠিত টিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখবে এবং প্রতিটি কেন্দ্রের অবস্থা সম্পর্কে পৃথকভাবে বিস্তারিত মতামতসহ প্রতিবেদন জমা দেবে।
নির্দেশনা অনুযায়ী, কেন্দ্র পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্রসচিব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি মতবিনিময় সভা আয়োজন করতে হবে। ওই সভার অন্তত ৫ মিনিটের ভিডিও ধারণ করে সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।
বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি জেলা থেকে ন্যূনতম ১০টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে হবে। আগামী ২৯ মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে আগাম এই পরিদর্শন কার্যক্রমকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে শিক্ষা বোর্ড।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ উদ্যোগের মাধ্যমে কেন্দ্রগুলোর বাস্তব অবস্থা যাচাই, প্রয়োজনীয় ঘাটতি চিহ্নিত করা এবং পরীক্ষার পরিবেশ উন্নত করার পদক্ষেপ নেওয়া সহজ হবে।