Wednesday, March 4, 2026

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ৬০ শতাংশে উন্নীত করার উদ্যোগ


প্রতীকী ছবিঃ শিক্ষা মন্ত্রণালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমান ভাতার সঙ্গে আরও ১০ শতাংশ যুক্ত করে তা ৬০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাবনা চেয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানায়, ভাতা ৬০ শতাংশে উন্নীত করা হলে অতিরিক্ত প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা ব্যয় হতে পারে। সুনির্দিষ্ট অর্থের হিসাব জানতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)–সহ সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর কাছে বিস্তারিত প্রস্তাব চাওয়া হয়েছে। প্রস্তাব হাতে পাওয়ার পর তা যাচাই-বাছাই করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আসন্ন ঈদুল ফিতরের আগেই বর্ধিত উৎসব ভাতা কার্যকর করার চেষ্টা চলছে। এজন্য দ্রুত প্রস্তাব পাঠাতে অধিদপ্তরগুলোকে তাগিদ দেওয়া হয়েছে। অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা বাড়তি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আগে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পেতেন। গত বছর আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষকদের ভাতা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে শিক্ষক ও কর্মচারী উভয়ের উৎসব ভাতা সমানভাবে ৬০ শতাংশে পৌঁছাবে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, প্রস্তাবটি অনুমোদন পেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আর্থিক স্বস্তি কিছুটা বাড়বে, বিশেষ করে উৎসবের সময়ে অতিরিক্ত ব্যয় সামাল দিতে এটি সহায়ক হবে। 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন