Wednesday, March 4, 2026

কারিগরি শিক্ষাকে বাজারমুখী ও আধুনিক করার আহ্বান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর


ছবিঃ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে সময়োপযোগী ও বাজারের চাহিদাভিত্তিক করার ওপর জোর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণ বাড়ানো ছাড়া বিকল্প নেই।

বুধবার (৪ মার্চ) সকালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। অধিদপ্তরে কোর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, কারিগরি শিক্ষার অগ্রগতি পরিমাপের সূচক ও কর্মসম্পাদন নির্দেশক (কেপিআই) প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়েছে। তবে আরও গভীর বিশ্লেষণের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জোরদার, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের ক্ষেত্রে কিছু ঘাটতি রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন।

তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, নিজ নিজ দপ্তর, প্রকল্প ও প্রতিষ্ঠানে কী ধরনের উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া যায় তা নিজেরাই নির্ধারণ করতে হবে। শুধু মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় না থেকে সৃজনশীল চিন্তা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, দেশের প্রায় ১৮ কোটি মানুষের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা একটি বড় দায়িত্ব। সঠিক পরিকল্পনা ও প্রশিক্ষণের মাধ্যমে এই জনসংখ্যাকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা সম্ভব। কারিগরি, ভোকেশনাল ও পলিটেকনিক প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত তাত্ত্বিক শিক্ষার পরিবর্তে ব্যবহারিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। এ জন্য বিদ্যমান কারিকুলাম ও প্রশিক্ষণব্যবস্থার সার্বিক মূল্যায়নের প্রয়োজন রয়েছে বলে জানান।

আন্তর্জাতিক শ্রমবাজারের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়িয়ে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর সুযোগ সম্প্রসারণ করা হবে। বিশ্বের অনেক দেশে জনসংখ্যা কমে আসছে, সেখানে বাংলাদেশ দক্ষ কর্মী সরবরাহের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় তিনি আরও বলেন, গতানুগতিক কর্মপদ্ধতি থেকে বেরিয়ে এসে দ্রুত ও ফলপ্রসূ উদ্যোগ নিতে হবে। প্রত্যেক কর্মকর্তার নিজস্ব কর্মপরিকল্পনা, লক্ষ্য ও দায়বদ্ধতা থাকা জরুরি। কর্মসংস্থান সৃষ্টির জাতীয় লক্ষ্য অর্জনে কারিগরি শিক্ষা খাত গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন