- ০৪ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এমপিওভুক্তি, বকেয়া বেতন-ভাতা, এমপিও স্থগিত ও পুনর্বহালসংক্রান্ত আপিলের শুনানির জন্য আগামী ৭ অক্টোবর তারিখ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ওই দিন আপিল কমিটির সভায় ৩৬ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার (৪ অক্টোবর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ডের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা। বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর ২০.১ (গ) অনুচ্ছেদের আওতায় গঠিত আপিল কমিটির সভাটি ৭ অক্টোবর সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের ভবন-৩-এর ষষ্ঠ তলার সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
সভায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ এবং চাকরিসংক্রান্ত বিভিন্ন নথিপত্র যাচাই করা হবে। এর ভিত্তিতে এমপিওভুক্তি, বকেয়া পাওনা প্রদান, এমপিও বন্ধ রাখা কিংবা পুনরায় ছাড় করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে শুনানি গ্রহণ করবে কমিটি।
শুনানির আওতায় রয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষিকা। পাশাপাশি সহকারী লাইব্রেরিয়ান, অফিস সহকারী, অফিস সহায়ক ও আয়া পদে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ও শুনানিতে বিবেচনা করা হবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ে শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিজেদের বক্তব্যের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সঙ্গে আনতে বলা হয়েছে।
এ ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক-২ অনুবিভাগের যুগ্মসচিব বরাবর করা আবেদন, সূচিপত্র এবং সংশ্লিষ্ট অন্যান্য নথি সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নথির ভিত্তিতেই আবেদনকারীদের দাবি ও সংশ্লিষ্ট নিয়োগসংক্রান্ত তথ্য যাচাই করা হবে।