Friday, September 11, 2026

এমানুয়েল মাক্রোঁর পছন্দ অনিল কাপুর, ভারত সফরে বলিউড নিয়ে খোলামেলা আলোচনা


ফাইল ছবিঃ এমানুয়েল মাক্রোঁ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ তাঁর প্রিয় বলিউড অভিনেতার নাম জানিয়ে চমক সৃষ্টি করেছেন। অনেকের ধারণা ছিল, তিনি হয়তো শাহরুখ খান–এর নাম নেবেন। তবে সবার প্রত্যাশা ভেঙে তিনি বেছে নিয়েছেন অনিল কাপুরকে।

ভারত সফরে ফার্স্ট লেডি ব্রিজিত মাখোঁকে সঙ্গে নিয়ে মুম্বাই ও নয়াদিল্লিতে একাধিক কর্মসূচিতে অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট। সফরের অংশ হিসেবে তিনি ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এও যোগ দেন। প্রযুক্তি, উদ্ভাবন ও বৈজ্ঞানিক সহযোগিতা জোরদারে ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগ ‘হরাইজন ২০৪৭’ রোডম্যাপের আলোচনাও গুরুত্ব পায় এ সফরে।

এক অনানুষ্ঠানিক আয়োজনে প্রেসিডেন্ট মাখোঁকে তাঁর প্রিয় বলিউড অভিনেতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “গতকাল আমি ‘জয় হো’ বলেছিলাম, তাই বলব—অনিল কাপুর।” ‘জয় হো’ শব্দবন্ধটি বিশ্বজুড়ে পরিচিতি পায় অস্কারজয়ী চলচ্চিত্র স্লামডগ মিলিয়নেয়ার –এর মাধ্যমে, যেখানে অনিল কাপুর গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন।

সফরকালে প্রেসিডেন্ট মাক্রোঁ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন। ফরাসি ভাষায় তিনি লেখেন, “ভারতীয় সিনেমার কিংবদন্তিদের পাশে। সংস্কৃতি আমাদের এক করে।” ছবিতে অনিল কাপুরের পাশাপাশি উপস্থিত ছিলেন মনোজ বাজপেয়ী, জোয়া আখতার, রিচা চাড্ডা, শাবানা আজমি ও রিকি কেজ।

পরে অনিল কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ফরাসি প্রেসিডেন্ট ও তাঁর সহধর্মিণীর সঙ্গে এক আন্তরিক বিকেল কাটানোর সুযোগ হয়েছে। সেখানে সিনেমা, সংস্কৃতি এবং ভারত-ফ্রান্স সম্পর্ক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন এই বলিউড তারকা।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সফরের পাশাপাশি সাংস্কৃতিক সংযোগ জোরদার করতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন