Tuesday, April 21, 2026

এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে, রুটিন শিগগিরই প্রকাশ করা হবে: শিক্ষামন্ত্রী


ফাইল ছবিঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই চলমান এইচএসসি পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন রুটিন চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে বলে তিনি জানান।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছি। তারা নতুন সময়সূচি নিয়ে আর কোনো আপত্তি জানায়নি। তাই পরীক্ষার রুটিন পুনর্বিন্যাস করা হয়েছে এবং এটি খুব শিগগিরই প্রকাশ করা হবে।”

একই সংবাদ সম্মেলনে তিনি ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনের পরিস্থিতি নিয়েও কথা বলেন। তার দাবি, পরীক্ষার প্রথম দিনে দেশের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, কিছু এলাকায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে, তবে সেগুলো তদন্ত করে দেখা হবে এবং পরবর্তী পরীক্ষাগুলোতে কঠোর নজরদারি রাখা হবে।

এদিকে দেশের শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে মঙ্গলবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন