- ২১ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ছবি সম্পাদনাকে আরও সহজ ও সূক্ষ্ম করতে নতুন ফিচার যুক্ত করেছে গুগল ফটোসে। সোমবার গুগল জানায়, তাদের ফটো এডিটরে এবার যুক্ত হচ্ছে উন্নত “টাচ-আপ” টুলস, যার মাধ্যমে ব্যবহারকারীরা মুখের ছবি আরও নিখুঁতভাবে সম্পাদনা করতে পারবেন।
নতুন ফিচারগুলোর মাধ্যমে ছবির দাগ দূর করা, ত্বকের টেক্সচার মসৃণ করা, চোখ উজ্জ্বল করা, দাঁত সাদা করা, ভ্রু ঠিক করা এবং ঠোঁটের রং ও গঠন সামঞ্জস্য করার সুযোগ থাকবে। ব্যবহারকারীরা নির্দিষ্ট একটি মুখ নির্বাচন করে এসব টুল ব্যবহার করতে পারবেন।
গুগল জানিয়েছে, প্রতিটি টুলে আলাদা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারী চাইলে ইফেক্টের মাত্রা বাড়াতে বা কমাতে পারবেন। এতে ছবি সম্পাদনা আরও স্বাভাবিক ও বাস্তবসম্মত হবে বলে ধারণা করা হচ্ছে।
এই নতুন টাচ-আপ টুলস ধীরে ধীরে বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। তবে এটি ব্যবহারের জন্য ডিভাইসে কমপক্ষে ৪ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ৯ বা তার ওপরের সংস্করণ থাকতে হবে।
বিশ্লেষকদের মতে, এই আপডেটের মাধ্যমে গুগল ব্যবহারকারীদের অন্য কোনো থার্ড-পার্টি এডিটিং অ্যাপ ব্যবহার না করে সরাসরি গুগল ফটোসেই ছবি সম্পাদনা করতে উৎসাহিত করছে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত ছবি সম্পাদনা মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিয়মিত রিটাচিংয়ের কারণে আত্মসম্মান কমে যাওয়া বা শরীরের চেহারা নিয়ে অস্বস্তি তৈরি হওয়ার ঝুঁকিও থাকতে পারে বলে গবেষণায় উঠে এসেছে।