Tuesday, April 21, 2026

জ্বালানি সরবরাহে সংকট নেই, সমস্যা ভোক্তার অতিরিক্ত চাহিদা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা


ছবিঃ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশে জ্বালানি তেলের সরবরাহ বা মজুত নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি বলেছেন, বর্তমানে মূল সমস্যা হলো হঠাৎ করে জ্বালানি সংগ্রহের প্রবণতা বৃদ্ধি পাওয়া।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান জানান, চলতি মাসের ১৯ এপ্রিল পর্যন্ত দেশে প্রায় ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। পাশাপাশি নিয়মিতভাবে নতুন জ্বালানি বহনকারী জাহাজ দেশে আসছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট নেই। সমস্যা হচ্ছে চাহিদা নিয়ে মানুষের মধ্যে ভীতি এবং কিছু ক্ষেত্রে অতিরিক্ত মজুত বা বেশি দামে বিক্রির প্রবণতা। এর ফলে বাজারে জ্বালানি নেওয়ার চাপ বেড়ে যাচ্ছে।”

সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব থাকলেও জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে জনগণের ওপর চাপ যতটা সম্ভব কম রাখার চেষ্টা করা হবে। প্রয়োজনে ভাড়া ও অন্যান্য খাতে সমন্বয় করা হবে বলেও জানান তিনি।

অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংক থেকে সরকার যে ঋণ নিয়েছে, তার প্রভাব জনগণের ওপর পড়তে পারে। তবে এখনো তা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়নি। এই ঋণ মূলত জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হবে বলে তিনি দাবি করেন।

নগর ব্যবস্থাপনা নিয়েও তিনি কথা বলেন। তিনি জানান, ফুটপাত দখলমুক্ত করতে হকারদের জন্য রাজধানীর বিভিন্ন স্থানে রাতের বাজার (নৈশবাজার) চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এছাড়া সাংস্কৃতিক উদ্যোগের প্রসঙ্গে তিনি বলেন, আগামী পহেলা বৈশাখকে কেন্দ্র করে দেশীয় নববর্ষ উদযাপনের পাশাপাশি আঞ্চলিকভাবে মিয়ানমার, কম্বোডিয়া ও ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সমন্বিত নববর্ষ উদযাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।

সরকার আগামী নববর্ষকে কেন্দ্র করে সারা বৈশাখজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন