Saturday, February 14, 2026

‘এবার দেশ গড়ার পালা’ বিজয়ের পর তারেক রহমানের আহ্বান


ছবিঃ নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “এবার দেশ গড়ার পালা। সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

শনিবার বিকেল সাড়ে তিনটার পর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল–এর বলরুমে আয়োজিত নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশি–বিদেশি বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, জাতীয় ঐক্যই দেশের সবচেয়ে বড় শক্তি। বিভাজন ও সংঘাত নয়, বরং সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। নেতা–কর্মীদের শান্তিপূর্ণভাবে বিজয় উদ্‌যাপন করার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও সংযত ও শৃঙ্খলাবদ্ধ থাকার নির্দেশনা দেন।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান।

বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

নির্বাচনের ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল স্থগিত থাকা দুটি আসন—চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪—এ বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। দলের শরিকরা পেয়েছে তিনটি আসন।

অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে। তাদের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অন্য শরিকেরা পেয়েছে নয়টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়লাভ করেছেন।

সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে দায়িত্বশীল আচরণই হবে নতুন সরকারের প্রধান অঙ্গীকার।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন